মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৫:৫৮

শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শিক্ষা খাতে জিডিপির অন্তত ৬ শতাংশ বরাদ্দের সুপারিশ করেছে। অতীতে বাংলাদেশে এ খাতে বরাদ্দ ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। বর্তমানে ধাপে ধাপে তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এহসানুল হক মিলন জানান, আগামী বছর শিক্ষা খাতে বরাদ্দ ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এরপর পর্যায়ক্রমে তা ৪ শতাংশ এবং ৫ শতাংশে নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে শুধু পাঠ্যক্রম নয়, বিতর্ক, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনার পাশাপাশি ২০২৮ সালে একাডেমিক সিলেবাস হালনাগাদের পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনের জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি ও মূল্যায়ন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।