তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে।
বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যম খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত।
মাইকেল মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, এই দুই লক্ষ্য সামনে রেখেই সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। ওই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে।
তিনি আরও বলেন, জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতেই পরবর্তী সময়ে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।
আরো পড়ুন: