হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৭৭

হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৭৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৬:২৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৬ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

একই সময়ে সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে।