কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পানে অসুস্থ দুই শতাধিক শ্রমিক

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পানে অসুস্থ দুই শতাধিক শ্রমিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১২:৪৮

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, সকালে কাজ শুরুর পর কারখানার সাপ্লাই পানি পান করার কিছুক্ষণের মধ্যেই একাধিক শ্রমিক মাথা ঘোরা, বমি ও অস্বাভাবিক শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে ধীরে ধীরে কারখানার বিভিন্ন ফ্লোরের আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে। পরে তাদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালগুলোতে একসঙ্গে বিপুল সংখ্যক রোগী আসায় চিকিৎসা কার্যক্রমে চাপ তৈরি হয়।

কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতোই তারা কারখানার সাপ্লাই পানি পান করেন। এরপরই হঠাৎ করে একের পর এক শ্রমিক অসুস্থ হতে শুরু করেন এবং অনেকে ফ্লোরেই পড়ে যান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়। একসঙ্গে এত রোগী আসায় চাপ তৈরি হয়েছে। আমরা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।”

ঘটনার কারণ জানতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করতে পারে বলে জানা গেছে।