বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি টেকসই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলন প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।
বিশ্বের বিভিন্ন সংঘাতে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মানবিক সহায়তা নিশ্চিত করতে অর্থায়নের ঘাটতি দূর করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রয়োজন, যাতে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
জাতিসংঘ সফরকালে শামা ওবায়েদ আজ ইকোসক মানবিক অধিবেশনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। এছাড়া তিনি জাতিসংঘ উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
আরো পড়ুন: