বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রযুক্তিনির্ভর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৮ জুন) এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত আর্থ-সামাজিক পরিস্থিতি, ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে নিরাপত্তা ব্যবস্থায় নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এসএসএফকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এসএসএফ-এর দীর্ঘ সাফল্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে বাহিনীটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার প্রধান হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বজায় রাখতে তিনি গাড়িবহরের আকার সীমিত করেছেন। নিরাপত্তা ব্যবস্থার কারণে জনগণ থেকে দূরে না সরে যাওয়ার বিষয়েও এসএসএফকে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং এর মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি এসএসএফ-এর ‘রেড বুক’ আধুনিকায়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল কার্যপদ্ধতির নির্দেশনা নয়, বরং সদস্যদের আইনি সুরক্ষাও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরো পড়ুন: