প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে: পানি সম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে: পানি সম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ২১:২০

প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা শুধু এ অঞ্চলের মানুষের জন্য নয়; সমগ্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ টেকনিক্যাল টিম নিয়ে তিস্তা পরিদর্শনে এসেছি। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।'

তিনি বলেন, 'তিস্তা অববাহিকার সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। একইসঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

পানি সম্পদ মন্ত্রী বলেন, 'প্রকল্পের কারিগরি বিভিন্ন দিক পর্যালোচনা করে টেকনিক্যাল টিম তাদের প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিস্তা মহাপরিকল্পনা একনেক সভায় উপস্থাপন করা হবে।'

এদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাইয়ে তিস্তা ব্যারেজ ও নদীভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সরকারের গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 

পরিদর্শন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিন মন্ত্রীসহ স্থানীয় এমপিরা। 

এর আগে তিন মন্ত্রীসহ প্রতিনিধি দল নীলফামারীর ধাইজান, চরালকাটা, সাতজান ও নাউতারা নদী এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন তারা। তাদের এ পরিদর্শনে তিস্তাপাড়ের মানুষ তাদের চিরকালের সমস্যা নিরসনে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।  

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।