প্রধানমন্ত্রী ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল রোববার (২১ জুন) ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। সফরের দ্বিতীয় ধাপে ২২ জুন তিনি মালয়েশিয়া থেকে সরাসরি চীন যাবেন।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এরই ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে ২২ জুন তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
এছাড়া মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সমর্থন চাওয়া হবে।
সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক আলোচনা শুরুর লক্ষ্যে টার্মস অব রেফারেন্স বিনিময় এবং অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক দলিল নিয়েও আলোচনা হবে।
আরো পড়ুন: