মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দের জাতিসংঘের অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে শনিবার (২০ জুন) এ তথ্য জানা গেছে।
এদিকে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
শুক্রবার জাতিসংঘে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই হতে হবে।
তিনি আরও বলেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে এই সংকট দেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও রাষ্ট্রীয় সম্পদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। তাই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সঙ্গে সংকটের মূল কারণ নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে নতুন করে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে দেশে মোট প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
আরো পড়ুন: