চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়।
পরবর্তীতে সকাল ৯টায় দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নেয়। দুপুরে আবারও দ্বিতীয় দফা পতাকা বৈঠক চলমান ছিল বলে জানান তিনি।
বিজিবি সূত্র জানায়, অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু ছিল।
স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত এলাকায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলা হলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরো পড়ুন: