ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় যশোরে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি কর্মকর্তারা।
বিজিবি জানায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত প্রায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। পরে সড়কপথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
জব্দকৃত স্বর্ণ ও আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: