গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানির একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুরের দিকে কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত কারখানা থেকে বের হয়ে যান।
তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই কারখানায় (তৎকালীন স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ) বয়লার বিস্ফোরণে ছয়জন নিহত হন। তখন পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হতো। পরে কারখানার নাম পরিবর্তন করে অটো গ্রিন অয়েল কোম্পানি করা হয়।
আরো পড়ুন: