হামে আরও ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৮৭

হামে আরও ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৮৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৬:৫৬

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় শনাক্ত) ১০ হাজার ৯৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩০৪ শিশুর মৃত্যু এবং ৪৯ হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।