আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে ট্রেন চলবে: রবিউল আলম

আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে ট্রেন চলবে: রবিউল আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৭:২৬

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, “আগস্টের মধ্যে ঢাকা–পাবনা রুটে ট্রেন চালু করতে যাচ্ছি। লোকোমোটিভ প্রস্তুত আছে, কোচ আসছে। আগামী মাসে কোচ পাওয়া গেলেই দুইটি রুটে নতুন ট্রেন চালু করা হবে—প্রথমে ঢাকা–পাবনা, পরে ঢাকা–খুলনা।”

তিনি আরও বলেন, খুলনার চেয়ে পাবনার রুটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ এ অঞ্চলের মানুষের ভোগান্তি বেশি।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ের মাধ্যমেই পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সরকার একটি আধুনিক মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকল্পের প্রাথমিক ধাপ—ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।