প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, হামের টিকা কার্যক্রমে গাফিলতির ঘটনায় আলাদা কোনো তদন্তের প্রয়োজন নেই।
রোববার (২১ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক ইউরোপ সফর এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের বিষয়ও তুলে ধরেন।
হামে শিশুমৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অপারেশনাল প্ল্যান পরিবর্তন করে প্রকল্প বাস্তবায়ন কাঠামোয় নেওয়ার কারণে সময়মতো অর্থপ্রবাহ ও প্রকল্প অনুমোদনে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে টিকা কার্যক্রমে ঘাটতি দেখা দেয়।
তিনি বলেন, “এখানে তদন্তের কী আছে? আমরা জানি যে নীতিগত ও প্রশাসনিক পরিবর্তনের কারণে বাস্তবায়নে সমস্যা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, আগের সরকারের সময় হামের টিকা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন পণ্য যথাসময়ে কেনা হয়নি, যার ফলে ঘাটতি তৈরি হয়েছে।
টিকা সংকট ও শিশুমৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, জরুরি ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়েছে। তবে অন্যান্য বয়সী শিশুরা এখনো রেগুলার রাউন্ডের আওতায় আসেনি, যা চলতি মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই রোগের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি, তাই আক্রান্ত শিশুদের যথাযথ আইসোলেশন এবং স্বাস্থ্যবিধি মানা জরুরি।
এদিকে স্বাস্থ্য খাতের বিভিন্ন সংকট নিরসনে দ্রুত সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরো পড়ুন: