ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৫:০৭

সরকার ধীরে ধীরে স্থানীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ও বাজারভিত্তিক অর্থায়নের পথে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, উচ্চ সুদের ব্যাংক ঋণের কারণে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তাই ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, স্থানীয় ব্যাংক থেকে ১০ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নেওয়ার ফলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও চাপের মুখে পড়ে। এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য টেকসই নয়।

আমির খসরু বলেন, “আমরা ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়ন ও বাজারভিত্তিক উৎসের দিকে যাচ্ছি।”

তিনি আরও বলেন, বর্তমান বাজেট মাত্র দেড় মাসের প্রস্তুতিতে তৈরি করতে হয়েছে, যা সাধারণত ছয় মাসের প্রক্রিয়া। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বকেয়া বিলও বাজেট ব্যবস্থাপনায় চাপ তৈরি করেছে।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে সরকারের বড় একটি অংশ ব্যয় করতে হচ্ছে ঋণের সুদ পরিশোধে, যা উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীর প্রভাব কমে আসে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।