হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১০৬৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১০৬৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৫:৫০

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।

রোববার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৭ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১ জন শিশু।

এই সময়ে ৯৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ১১ জন।

এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।