মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৯:৩১

আপডেট: ২১ জুন, ২০২৬ ১৯:৫৭

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার মালয়েশিয়ার সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। 

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তাঁরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। এছাড়া, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

তাদের বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।

তিনি জানান, এটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরগুলোতে প্রতিনিধি দল তুলনামূলক ভাবে ছোট রাখা হয়েছে।

এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন, যেখানে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশ নেবেন।

মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা এবং চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

আরও পড়ুন…

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে রোববার মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী