নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২২:১৫

নরসিংদীর মনোহরে বজ্রপাতে মাদ্রাসার তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা অজু করছিল। এ সময় বজ্রপাত হলে চার জন আহত হয়। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির বলেন, 'হতাহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।'