বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত বৈঠকে শ্রমবাজার ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হওয়া উচিত, যাতে মধ্যস্থতাকারীদের সংখ্যা কমে এবং শ্রমিকদের খরচ কমে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি তার প্রথম বিদেশ সফর। তিনি স্মরণ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে মালয়েশিয়া সফর করেছিলেন এবং সে সময় দুই দেশের শ্রমিক সহযোগিতার ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে।
তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার। পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা এগিয়ে যাচ্ছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, হালাল শিল্প, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং তিনি দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করেছেন।
রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তিনি মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদার, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আরসিইপি চুক্তিতে যোগদানের বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
আরো পড়ুন: