গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৬৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৬৫ শিশু হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৮৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১৩৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন। এই সময়ে মোট ৭৭ হাজার ৭৪৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আরো পড়ুন: