ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং জটিলতা কমাতে কাজ করছে সরকার

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং জটিলতা কমাতে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৬:৩৪

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক জটিলতা কমিয়ে একটি সহজ ও বিনিয়োগবান্ধব ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক এক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যৌথভাবে আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগলেও এখন তা কমিয়ে ১৪ দিনের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে ১৫তম দিনেই একটি কোম্পানি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি (Letter of Credit) খুলতে পারবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের এলডিসি উত্তরণ বিষয়ক সুপারিশকে শুধু সময় বৃদ্ধির সুযোগ হিসেবে না দেখে, এটি বাংলাদেশের জন্য একটি প্রস্তুতিমূলক রূপান্তরকাল হিসেবে গ্রহণ করা উচিত। এ সময়কে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ ও উৎপাদনভিত্তি বহুমুখীকরণের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

মন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে পরিবেশ, শ্রম অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়নের বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নীতিনির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করা হয়েছে, যা বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় করবে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, BIDA-এর নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।