চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ২২:৩৮

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বেই ইয়াং, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে তার আবাসস্থল হোটেলে নিয়ে যাওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই দিন বিকেলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, সম্মেলনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে, ২৪ জুন সকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তীতে একই দিন আরও কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দুপুরে ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে দালিয়ান ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। চীন সফরের পরবর্তী পর্যায়ে বেইজিংয়ে তার একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।