সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১১:০৯

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে পারস্য উপসাগরে সাড়ে তিন মাস ধরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।

সোমবার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে এটি জ্বালানি (বাংকারিং) গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও বিষয়টি নিশ্চিত করেন।

বিএসসির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

এরপর ১১ মার্চ পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এটি আটকে পড়ে।

পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণা এলে জাহাজটি রাস আল খায়ের ত্যাগ করলেও ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পুনরায় আটকে যায়। পরে ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।

সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টার ফলে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়।

বিএসসি জানায়, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন ধারণক্ষমতার জাহাজটি বর্তমানে ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে। সেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স সম্পন্ন করা হবে। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।