আ.লীগের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

আ.লীগের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৫:১১

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিল। তবে পুলিশ এখন পর্যন্ত তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঢাকার প্রবেশপথ, বাস ও ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয় এবং সন্দেহভাজনদের ওপর অভিযান চালানো হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, মেস, হোটেলসহ সম্ভাব্য অবস্থানস্থলগুলোতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি দাবি করেন, কিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা থেকে বোঝা যায় নাশকতার চেষ্টা ছিল। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

নাশকতার পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানান তিনি।