দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন।
এই সময়ে নতুন করে ৯৭৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪। এর মধ্যে ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ ছাড়া এই সময়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরো পড়ুন: