সাপাহার সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:২৬

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ৯ জন শূন্যরেখায় অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ ঠেকায়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।