গুলশানে এডিস লার্ভা শনাক্ত, ডিএনসিসির জরিমানা ৫০ হাজার

গুলশানে এডিস লার্ভা শনাক্ত, ডিএনসিসির জরিমানা ৫০ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৩:৫৩

রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়।

বুধবার (২৪ জুন) ‘গুলশান ইয়ুথ ক্লাব’ মাঠের আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের অংশ হিসেবে ডিএনসিসি এই অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

অভিযানকালে গুলশানের ৭ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের কথাও জানানো হয়।

এছাড়া পরিদর্শন করা ছয়টি ভবনের মধ্যে তিনটিতে লার্ভা পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে নিয়মিত অভিযান চালানো হবে। এ জন্য একটি জাতীয় টাস্কফোর্স কাজ করছে।

অভিযানে লার্ভা ধ্বংসে দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। পাশাপাশি নাগরিকদের বাসা-বাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।