দেশে ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

দেশে ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৫:০১

অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূর করতে আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। দীর্ঘ ১৪ মাস পর আবারও এই কর্মসূচি শুরু হচ্ছে।

কর্মসূচি অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনে আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

দুর্গম অঞ্চলের ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে ক্যাম্পেইনের পরবর্তী চারদিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম চালানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

১৯৭৩ সালে শুরু হওয়া এই কর্মসূচি শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।