জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম

জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৫:১০

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিও জামিন পেয়েছেন।

বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ জামিন মঞ্জুর করেন।

এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। একই মামলার আরও তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় শ্রম আইনে এ মামলা করা হয়। এ ঘটনায় সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এর আগে মঙ্গলবার রাত থেকে তার বাসার সামনে পুলিশ অবস্থান নেয়। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।