ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত সন্ত্রাসী টাইগার সোহেল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত সন্ত্রাসী টাইগার সোহেল আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৫:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়া, ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

‎মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ৫ আগস্টের পর স্থানীয় এক বাসায় ডাকাতির অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন সোহেল। তার প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পান।

স্থানীয়দের অভিযোগ, ‘টাইগার সোহেল’ নামে পরিচিত এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি, ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “টাইগার সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পাঠানো হবে।”