দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯ জন শিশু।
বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৯৯৬ শিশু।
এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২১ জন শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন। এর মধ্যে ১১ হাজার ৩৯০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত হাম ও উপসর্গজনিত কারণে মোট ৭৯ হাজার ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
আরো পড়ুন: