সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, 'নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে। টার্মিনালটি চালু হলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি দূরপাল্লার যাত্রীসেবার মানও উন্নত হবে।'
বুধবার বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশীদ বলেন, 'ঢাকার যানজট নিরসনে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচপুর টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শেষ করে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে চালুর লক্ষ্য রয়েছে।'
তিনি বলেন, 'অতীতে বাস টার্মিনালগুলোকে পরিকল্পিত ব্যবস্থাপনার বাইরে ডিপো হিসেবে ব্যবহারের কারণে রাজধানীর যানজট বেড়েছে। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।'
প্রতিমন্ত্রী বলেন, 'ঢাকার গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।'
যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। দেশের চলমান সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।'
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দূরপাল্লার বাসগুলো ঢাকার অভ্যন্তরে প্রবেশ না করেই যাত্রী ওঠানামা করতে পারবে। এতে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: