শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ২০:২০

গাইবান্ধায় একটি হোটেলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হোটেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমির উদ্দিন নামের অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাঁধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার বাসিন্দা। তিনি ‘জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই হোটেলটির এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে শতাধিক স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, 'ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেলটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও ক্ষতিয়ে দেখছে পুলিশ।'

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, 'স্থানীয় লোকজন খবর দিলে আমরা তাৎক্ষণিক রওনা হই। কিন্তু উত্তেজিত জনতার বাধায় আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।'