মাদক ব্যবহার করছে দেশের ৪.৮৮ শতাংশ মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ব্যবহার করছে দেশের ৪.৮৮ শতাংশ মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১২:৪৬

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তিনি বলেন, নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের ফলে মাদক সমস্যার জটিলতা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক তরুণ এখন মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তাদের চিকিৎসা ও পুনর্বাসন এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যেই সরকার মাদকাসক্তি চিকিৎসা সেবা সহজলভ্য ও উন্নত করার কাজ করছে।

সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকার তেজগাঁওয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ বিভাগীয় পর্যায়ের কয়েকটি কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকার কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।

এছাড়া ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট নতুন নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকাসক্তদের তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও যথেষ্ট নয়। এ কারণে বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টি কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।