উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৪:৪৭

বিগত সরকারের সময় নেওয়া প্রায় ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় আর্থিক ও প্রশাসনিক চাপ—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসব প্রকল্পের অনেকগুলোই আংশিক বাস্তবায়িত হওয়ায় এখন সেগুলো বাতিল বা পুনর্গঠন—কোনোটিই সহজ নয়।

অর্থমন্ত্রী বলেন, “বিগত সরকারের নেওয়া ১৩০০ ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এগুলো এখন আমাদের জন্য লায়াবিলিটি। কিছু বাদ দিতে পারছি, কিন্তু সব বাদ দেওয়া সম্ভব নয়। অনেক প্রকল্পের ৫০-৬০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। না ফেলতে পারছি, না গিলতে পারছি।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরে নেওয়া এসব প্রকল্পের ফলে বর্তমান সরকারের বাজেট ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও ঋণ ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

অর্থমন্ত্রী জানান, সরকার অর্থনীতিতে নতুন কাঠামোগত পরিবর্তন আনতে কাজ করছে। “অর্থনীতির গণতন্ত্রীকরণ” ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারায় আনা সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত করতে নতুন কমিশন গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, চলমান সংস্কার কার্যক্রমের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

তিনি জানান, বর্তমানে সরকারের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপ রয়েছে, যা রাজস্ব সক্ষমতাকে সীমিত করছে। তবে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজেটের অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।