চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৫:১৪

আপডেট: ২৫ জুন, ২০২৬ ১৫:২৪

চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রস্তুত। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের একটি সংস্কার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় ব্যবসা শুরু করার অনুমোদন প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যাতে নতুন প্রতিষ্ঠান ১৫ দিনের কম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজও এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প, ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের জন্য বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফা দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হওয়ার এখনই উপযুক্ত সময়। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।