রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৫:৩৪

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে আসামিপক্ষে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা।

তিনি জানান, এখনও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন হওয়ার পর মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশনার পর অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়।

ফৌজদারি আইনে অভিজ্ঞ এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করবেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় সোহেল রানা সরাসরি জড়িত ছিলেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার অপরাধ সংঘটনে সহায়তা করেন।

অপরাধের গুরুত্ব ও নৃশংসতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়।

পরবর্তীতে কারাগার থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন।