২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৫:৫৭

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর যমুনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।”

হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরই ভিসা সেন্টারে এসে এই ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। তিনি গত ১২ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল। তবে সীমিত পরিসরে মেডিকেল ভিসা ও ব্যবসায়িক (বিজনেস) ভিসা চালু ছিল।