রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. জনি (২৪) এবং আবদুস সালাম (২০)।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে দগ্ধ অবস্থায় ভবন থেকে উদ্ধার করে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের বরাতে জানা যায়, আগুন লাগার পর আল বারাকা টাওয়ারের ১০ ও ১১ তলায় হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং দুইজন গুরুতর দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরো পড়ুন: