দেশের অর্জনই জনগণের অর্জন: প্রধানমন্ত্রী

দেশের অর্জনই জনগণের অর্জন: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৪:৪১

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপরই অর্পণ করেছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগান অনুসরণ করে আসছে। দেশের স্বার্থ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়। যেকোনো অর্জন বা সফল উদ্যোগের মাধ্যমে যা কিছু ইতিবাচক ফল এসেছে, তা পুরোপুরি বাংলাদেশের জনগণের অর্জন।

সংসদ নেতা আরও বলেন, দেশের মানুষের পক্ষ হয়ে কাজ করার এই যাত্রায় সংসদের সব সদস্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীদলীয় সদস্যদের ইতিবাচক ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান।