মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৫:০৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর গঠিত সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের এই সফর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার বিদেশ সফরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আলোচনায় অংশ নেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।