হাম ও উপসর্গে একদিনে আরও ৬ শিশুর প্রাণহানি

হাম ও উপসর্গে একদিনে আরও ৬ শিশুর প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৬:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪৪ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯৮ হাজার ২৬৬ জনের শরীরে হামের উপসর্গ এবং ১১ হাজার ৫৯৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা গ্রহণ, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।