দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬

দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১১:৩৯

সারাদেশে রোববার (২৮ জুন) শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কর্মসূচির জন্য সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটেও বিশেষ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা এসব কার্যক্রম পরিচালনা করছেন।

নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করতে পারবে। এছাড়া ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলায় আরও চার দিন বিশেষভাবে এ কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, দেশে শিশুদের অন্ধত্ব ও অপুষ্টি প্রতিরোধে ১৯৭৩ সালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০৩ সালে এটি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হিসেবে চালু হয়। কিছু সময় বন্ধ থাকার পর ২০২৬ সালে আবারও এ কর্মসূচি শুরু হয়েছে।