পরীক্ষায় প্রশ্নফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় প্রশ্নফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৩:১৭

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, নকল বা প্রশ্নফাঁসের অপচেষ্টা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিদ্যমান আইনি জটিলতা ও মামলাজটের কারণে শিক্ষা কার্যক্রম অনেক সময় বাধাগ্রস্ত হয়। এই অচলাবস্থা দূর করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।