বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)কে আধুনিক, যুগোপযোগী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এটি তার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর চলমান কার্যক্রম ও গবেষণা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন ও চলমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি স্বনির্ভর, আধুনিক এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।
আরো পড়ুন: