কালো টাকা রোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

কালো টাকা রোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৩:৪৭

দেশে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এই পদক্ষেপ মানিলন্ডারিং প্রতিরোধ, কালো টাকার উৎস বন্ধ এবং অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে সহায়ক হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

তিনি বলেন, দেশে অনেকেই বিপুল পরিমাণ নগদ অর্থ ঘরে রাখছেন। যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদের কাছেও বড় অঙ্কের নগদ অর্থ থাকতে পারে। তাই এক থেকে দুই মাসের মধ্যে বড় অঙ্কের নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।

ব্যারিস্টার খোকন আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস নেই, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে অর্থনীতিতে তারল্য বাড়বে এবং বিনিয়োগে গতি আসবে।

তিনি ব্যাংকিং খাতের সংস্কারের ওপরও গুরুত্বারোপ করে বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যবহার করা হচ্ছে, যা বন্ধ করা উচিত।

এছাড়া অর্থপাচার রোধ ও দেশে অর্থ রাখার আস্থা তৈরির জন্য কার্যকর অর্থনৈতিক ও আইনি পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে আলোচিত কিছু নীতির সঙ্গে তুলনীয়, যেখানে বড় অঙ্কের নোট বাতিল করে কালো টাকা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে এ ধরনের পদক্ষেপের কার্যকারিতা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে।