গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর।
রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র আমলে নেন এবং আসামিরা হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১) কোনো অর্থ পরিশোধ ছাড়াই গ্রহণ ও পরবর্তীতে রেজিস্ট্রি করা হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর অধীনে অপরাধ করেছেন।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল দুদক এই মামলাটি দায়ের করে। পরবর্তীতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
আরো পড়ুন: