সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৪:৩৩

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

একই মামলায় রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান নাদিম ও মায়া ইসলাম। একই ঘটনায় আমির হোসেন নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, যিনি একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থেকে প্রাণ বাঁচান।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনাল সকালে মামলার অভিযোগ ও রায়ের অংশ পড়ে শোনায়।