লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, স্মরণকালের ইতিহাস বললেন আমান

লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, স্মরণকালের ইতিহাস বললেন আমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৫:১২

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক ও জনবান্ধব বাজেট হিসেবে অভিহিত করেছেন সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবনের অভিজ্ঞতা ও লন্ডনের শিক্ষা ব্যবস্থার অনুকরণে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

আমান উল্লাহ আমান বলেন, “১৯৯১ সাল থেকে আমি সংসদে বহু বাজেট দেখেছি। কিন্তু এবারের বাজেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” তার মতে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট প্রস্তাবের মাধ্যমে একটি মানবিক ও দরিদ্রবান্ধব দিক তুলে ধরেছেন।

তিনি দাবি করেন, শিক্ষা খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের মতো সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা লন্ডনের প্রাথমিক শিক্ষাব্যবস্থার আদলে গঠিত।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বিভিন্ন চিকিৎসা সেবার খরচ কমানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষা ও স্বাস্থ্য খাত অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসব খাতে পুনরায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি কৃষি খাতে ভর্তুকি ও সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের গুরুত্বপূর্ণ খাল ও জলাধার পুনঃসংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।